ভারত কোন একাদশ নিয়ে খেলবে আজ?

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে নিজেরাও উড়ছে ভারত। বিরাট কোহলি নেই, তারপরও দারুণ শক্তিশালী তারা। আজ বাংলাদেশের বিপক্ষে কাদের নিয়ে মাঠে নামবেন অধিনায়ক রোহিত শর্মা?
একজন পেস অলরাউন্ডার, নাকি স্পিনার? হার্দিক পান্ডিয়ার এশিয়া কাপ থেকে ছিটকে পড়া আজ ভারতকে এই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। পান্ডিয়ার বদলি হিসেবে এরই মধ্যে দলে এসেছেন দীপক চাহার। পান্ডিয়ার মতোই তিনি পেস অলরাউন্ডার। সরাসরি একাদশে তাঁরই জায়গা করে নেওয়ার কথা। কিন্তু চাহার ব্যাটসম্যানের চেয়ে বেশি ভালো বোলার অর্থে অলরাউন্ডার। পান্ডিয়া ব্যাটে বলে দুই জায়গাতেই সমান ভূমিকা রাখতে পারেন।
ভারত তাই আজকের একাদশ নিয়ে একটু জটিল সমস্যাতেই পড়ে গেছে। তিন স্পিনার+দুই পেসার, নাকি দুই পেসার+তিন স্পিনার—এই কম্বিনেশনটা নিয়ে ভাবতে হচ্ছে ভারতকে। ওদিকে কেদার যাদব আবার পার্ট টাইমার থেকে পুরোদস্তুর স্পিনার হয়ে উঠছেন। কেদার, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল—স্পিনার তো হয়ে যায় চারজন! আবার ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরার সঙ্গে চাহারকে নিলে পেসার হয় তিনজন। তবে অভিজ্ঞতা আর ব্যাটিংয়ে এগিয়ে থাকায় জাদেজা সম্ভবত আস্থা ভোট পেতে চলেছেন।
ভারতের একাদশ নিয়ে অমীমাংসিত প্রশ্নগুলোর আরেকটি এমএস ধোনি ও দিনেশ কার্তিককে নিয়ে। একই সঙ্গে দুই উইকেটরক্ষক একাদশে রাখা কি বিলাসিতা নয়? বিশেষত যখন লোকেশ রাহুলের মতো ব্যাটসম্যানকে খেলানো সম্ভব হচ্ছে না। ধোনির ফর্ম একেবারেই বাজে। ব্যাট হাতে, গ্লাভস হাতেও। কিন্তু তবু ধোনিকে বাদ দেওয়ার কথা এখনই ভাবতেই পারবে না ভারত। ফলে বাংলাদেশের বিপক্ষে দিনেশ কার্তিককে বসিয়ে রাহুলকে একাদশে ফেরানো কথা ভাবতে পারে ভারত।
সে ক্ষেত্রে কার্তিকের সঙ্গে অন্যায় করা হয়। এশিয়া কাপে দুই ইনিংসেই নিজের দায়িত্বটা ভালোমতো সেরেছেন। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৩ করেও কার্তিক নিশ্চয়ই বাদ পড়তে চাইবেন না। আর রাহুল ইংল্যান্ড সফর থেকে বয়ে এনেছেন বাজে ফর্মের ভাইরাস। তবে ভারতের টিম ম্যানেজমেন্ট এই ভাবনাও ভেবে দেখবে, এশিয়ার চেনা কন্ডিশন ফিরে পেয়ে শিখর ধাওয়ান যেমন গা ঝাড়া দিয়ে উঠেছেন, রাহুলকেও হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার টিকা তো দেওয়া দরকার। কদিন পরেই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ।
তা ছাড়া তীব্র গরমের কারণে ভারত একাদশ ঘুরিয়ে-ফিরিয়ে সাজানোর কথা ভাবতে পারে। চাই কি ধোনিও পেয়ে যেতে পারেন বিশ্রাম। যদিও ভারতই এবারের আসরে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। তাদের সব খেলা যে এক শহরে।
সম্ভাব্য একাদশ: রোহিত, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, লোকেশ রাহুল, এমএস ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা/চাহার, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল
Comments
Post a Comment